একটা কবিতা লিখুন কবি-
অমরত্বের মন্ত্রে গড়া একটি কবিতা,
আকাশ ছুঁ' বার মুগ্ধতায়-
লিখে ফেলুন একটি কবিতা।
কবিতার প্রতি শব্দ, যতি চিহ্ন,
প্রতিটি চরণ, এমনকি-
এমনকি পুরো কবিতা জুড়ে
ঢেলে দিন রাস্তায় পড়ে থাকা
বেওয়ারিশ লাশের অবশিষ্টাংশ.....!!
এসিড দগ্ধ নারীর যন্ত্রনার চিৎকার,
ধর্ষীতার "আত্মহত্যা"র মতো ক্ষোভ,
সন্তান হারা মায়ের হাহাকার,
বৃদ্ধ পিতার বুক থেকে, জোয়ান ছেলের-
"অকালে" জীবন কেড়ে নেবার শোক.....
ছুঁয়ে যাক আপনার কবিতার শরীর !
একটা কবিতা লিখুন কবি,
কলমের অপব্যবহারে, পুকুরচুরির বিশালতায়-
"মামা-খালু" আর টাকা না থাকায়-
এক অসহায় বেকারের দীর্ঘশ্বাসে-
লিখে ফেলুন একটি কবিতা।
কবিতার গাঁথুনিতে গেঁথে দিন
পৈশাচিক বর্বরতার শিকার-
অবুঝ শিশুদের অপরিপক্ব হাড্ডিস্তুপ !
"ফেলানী", "জিহাদ"দের অবিনাশী রক্তে-
পবিত্র করে নিন আপনার কবিতা !
বসন্তের প্রথম উত্থিত রক্তিম সূর্যের মতো,
প্রিয় খেলনাটি পেয়ে, বালিকার মুখের হাসির মতো,
দিন রাত অকথ্য পরিশ্রমের পর-
বহুকষ্টে সঞ্চিত টাকায় তৈরি গয়না পেয়ে-
গাঁয়ের কোন এক গৃহ বধুর গর্বোজ্জ্বল মুখের মতো,
আনন্দ স্রোতে প্লাবিত হোক আপনার কবিতা।