প্রিয়তি,
ফেলে আসা স্মৃতিময় দিনগুলো এখন আর আমাকে ভাবায় না। জানি, তুমিও এখন আর আমাকে ভাবো না। অথচ, সে দিন কতটা সরল ভাবে বলেছিলে, "ভুলনা আমায়।"
তুমিই কি ভুলতে পেরেছো ? মিছে অহমিকায় ভুলে থাকার এ এক ভ্রান্ত ছলনে বারবার কি শিহরিত হচ্ছে না তোমার অন্তরাত্মা ! স্মৃতির সুখময় কাটা তোমার হৃদয়কেও ক্ষত-বিক্ষত করে তুলছে প্রতি মূহুর্তে- সে তুমি যত ভনিতাই করো, আমিও ঠিক বুঝতে পারি...!
মিলনের তীব্র তামান্নায় জন্মেছিল যে প্রেম, একবার ভেবে দেখো তো সে প্রেমের দেখা পেতে কত খড়-কাঠই না পুরতে হয়েছিলো দু'জনকেই। অথচ আশার রবি অস্ত যাওয়ার পূর্বেই বিরহের চিতা দাউদাউ করে জ্বলে উঠলো.....ম্লান করে দিলো প্রণয়-রশ্মি !
অবিশ্বাসের মতো এত বড় শত্রু প্রণয়ে আর দু'টি নেই।, সন্দেহের ইন্ধনে অবিশ্বাসী হয়ে উঠলে তুমি.....যন্ত্রনার জগদ্দল পাথর চেপে দিলে আমার নিঃস্বার্থ বিশ্বাসে........!!
সন্দেহের মায়াজাল ছিন্ন করে অবিশ্বাসের অন্ধপূরী হতে ফেরাতে পারিনি তোমায়, এ আমার সবচে' বড় ব্যর্থতা। আর তাই, বুকের গহীনে আমার অপূর্ণ প্রণয় সমাধী দিয়ে, বেঁচে আছি শেষ স্বপ্নের শ্বেত বস্ত্রের অপেক্ষায়।
"ভালো থেকো" এরচে' বেশি কিছু বলার অধীকার হতে তুমিই আমায় বঞ্চিত করেছো প্রিয়। অনেক কথাই মনে জমিয়ে রেখেছিলাম তোমাকে বলব বলে, অথচ কোন কথাই গোছাতে পারছি না। দমকা বাতাসে খণ্ড মেঘের মতো আমার কল্পিত কথাগুলো খণ্ড খণ্ড হয়ে এদিক ওদিক ঘুরাফেরা করছে চরম অবাধ্যতায়; কিছুতেই আসতে চাইছে না আমার কলমে।
অথচ মনে করে দেখো, কোন একদিন আমার এ কলম তোমার জন্য চালু হলে যেন থামতেই চাইতোনা।শত চেষ্টা করেও লিখা হতো না, "আজ এখানেই ইতি "
প্রতিটি পত্রের শেষ লাইন হতো,"চলবে......."
পুনশ্চ -
সুখের সন্ধান করতে করতে তোমার নিজ হাতে গড়া "সুখ-স্বর্গে" তুমি সামান্যতম সুখী নও, এ কথা (পরোক্ষ ভাবে) জানার পর, (ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক) নিজের কল্পিত শ্বেতবস্ত্র আরেক বার লাল করতে বড্ড ইচ্ছে হচ্ছে।