ক'দিন আর যৌবন রঙিন মৌ বনে
মরণের মোহন বাঁশি ঐ শোন বাজে,
কামনার যামিনী ভোর হতে নেই দূর
স্বপ্নেরা অচিরাৎ হয়ে যাবে ফ্যাকাসে।
ছাড়বে না পৃথিবী বলতে পারবে কি
কেন তবে মর্ত্য নেশায় মত্ত বল আজ ?
তোমার দামী বাড়ি গাড়ি, কামনায় কল্পিত নারী
র'বে না, র'বে না তোমার মনোহরী সাজ !
বিপরীতে কাষ্ঠ-তৃষা এ' মোহ সর্বনাশা
বুঝো বুঝো বুঝো মন, সময় থাকতে মূল,
যা'রে আপন ভেবে অতি দেনেছো যৌবন-মতি
অবেলায় সেই করবে ক্ষতি ; সমূলে নির্মূল।
কাটবে এ' নেত্র নেশা, মিটবে না ভ্রান্ত আশা
ছল করি' কেন তবু তারে কাছে টেনে আনো,
থাকবে না কেউ আপন যেদিন তোর আসবে মরণ
একা পথ অচেনা ; লোভের দোয়ারে শিকল টানো।
ভাবো যদি যৌবন অমূল্য এক রতন
গড় তবে যত্নে এ'তে ভবিষ্যতের ভীত,
যেদিন তোমার পর হবে সব সেই বিপদে
আজকে তোমার ভালোটাই গাইবে জয়ের গীত।