হইনি পুঁজোর অর্ঘ্য আমি; অকাল ঝরা ফুল
নরম শরীর পায়নি মণ্ডপ, ছুঁইনি দেবের পা',
কিশোরী মন জানতো না ঠিক কোনটাতে কী ভুল
মাশুল দেবো এই ভেবেছো ? সঠিক ভাবলে না।
এখান হতে ওখান হতে ফুল কুড়িয়ে শেষে
পুতুল বিয়ের আয়োজনে গেঁথেছিলাম মালা,
একটা 'দানব' পুতুল সেজে খেলাঘরে এসে
ভেঙে দিলো, গুড়িয়ে দিলো যত্নে গড়া ডালা।
হাত ধরলো 'কোমল আহা' ; কোমর ধরলো ছলে
হাসি আর কান্না-ই তখন সবেমাত্র জানি,
বুঝিনি তো কোথায় মায়া; কোনটাকে বুক বলে
দেব আর দানব তখন কি আর এতো কিছু চিনি ?
আমিও তো ফুটেছিলাম 'দেব' স্পর্শ আশে
পাইনি দেবের মালা হতে, এ দোষ বল কার ?
তোমরা যারা আজ দেবতা নতুন ফুলের পাশে
আমার চেয়েও খুব প্রয়োজন, তোদের মাশুল দেবার।।