বসন্তের প্রথম লগ্নের সোনালী সূর্যোদয়ে
যে কলির মোহে মুগ্ধ হয়েছিলে,
তোমার পিপাসী চাওয়া-
সে কলির পূর্ণতার অপেক্ষা করেনি।
শুকিয়ে যাবে কলি নিশ্চিত জেনেও
মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়েছো সে কলির মালিকানা,
একটি একটি করে খসিয়েছো সব পরাগ
মধুর সন্ধান পেয়েছো ডাটা অবধি খুড়ে খুড়েও ?
মালীর কড়া শাসন উপেক্ষা করেই-
চিবিয়ে চিবিয়ে মিটিয়েছো অপূর্ণ স্বাদ,
অতঃপর, সম্পূর্ণ নেতিয়ে যাওয়া দেখে-
দামী ফুলদানীতে সাজিয়ে রাখার নিষ্ঠুর পরিহাস !
তুমি তো ভালো করেই জানতে,
ও ফুল কাগজের নয়; বসন্তে ফোটা গোলাপ ছিলো,
পূর্ণতা পেলেই নিশ্চিত সম্ভাবনা ছিলো রাণী হবার
দেবতার পদস্পর্শও তার ভাগ্য হতে ছিনিয়ে নিলে ?
অথচ, আজকাল দেখি পথে পথে তোমার-
নির্লজ্জের মতো গোলাপ ছড়াছড়ি.....
একি কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আত্মশুদ্ধি,
নাকি অযত্নে পূর্ণ হওয়া কলির দ্বিতীয় মরণ কামনা ?