তুমি আমার কাছে বসন্তের মাতাল বাতাস,
যেখানে পাপড়ির ফাঁক দিয়ে ঝরে পড়ে
অমৃতের মিষ্টি কণা-
সেই অমৃত আসলে তোমার নিঃশ্বাসের গোপন উচ্চারণ।
তুমি কাছাকাছি এলে-
রক্তের ভেতর নদী বদলে যায়,
শিরায় শিরায় জেগে ওঠে অদৃশ্য জোয়ার,
আমার সমস্ত নীরবতা ভেঙে
একটি নামই শুধু উচ্চারিত হয়-“প্রিয়তি” !
আমি তোমাকে স্পর্শ করতে চাই না-
কারণ স্পর্শে শেষ হয়ে যায় অনেক কিছু,
আমি তোমাকে অনুভব করতে চাই,
যেখানে প্রতিটি শ্বাসই একেকটি কবিতা,
আর প্রতিটি হৃদস্পন্দন
তোমাকে লেখা একেকটি চিরন্তন পত্র।
তুমি শুধু প্রেম নও-প্রেমেরও অতীত এক নেশা,
যেখানে হারিয়ে যাওয়াই মুক্তি,
ডুবে যাওয়াই প্রার্থনা,
যেখান থেকে ফিরে আসার কোনো প্রয়োজন নেই।
আমি মগ্ন হয়ে থাকি-
তোমার বসন্তে, তোমার ঐ বুনো হাওয়ার মাতাল ঘ্রাণে;
তোমার অদৃশ্য আগুনের শিখায় পুড়তে পুড়তে
আমি আরো বেশি করে তোমার হয়ে উঠি।